দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে হত্যা, মাদক, চুরি, ছিনতাই ও ডাকাতিসহ ২০টি মামলা রয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার রাস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে সদর মডেল থানার পুলিশ। এদিন বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন- সদর উপজেলার পূর্ব রাস্তি এলাকার পল্টু ফকিরের ছেলে আকাশ ফকির (২৬) ও একই এলাকার নূর মোহাম্মদ কবিরাজের ছেলে অন্তর কবিরাজ (২৪)। এর মধ্যে আকাশের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি, দস্যুতাসহ একাধিক অপরাধে ১৪টি মামলা রয়েছে। এ ছাড়াও শরীয়তপুরের জাজিরা থানায় একটি হত্যা মামলাও রয়েছে। অন্তর কবিরাজের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় রয়েছে আরও ৫টি মামলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জেলা শহরের ছিনতাই, চুরি, ডাকাতিসহ একাধিক অপরাধমূলক ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে আকাশ ও অন্তর জড়িত বলে পুলিশ জানতে পারে। তাদের ধরতে একাধিকবার অভিযানও চালায় পুলিশ। সবশেষ মাদারীপুর র্যাব-৮ ক্যাম্পের তথ্য প্রযুক্তির সহযোগিতায় ভোর রাতে রাস্তি এলাকায় অভিযান চালিয়ে আকাশ ও অন্তরকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ্ আল মামুন বলেন, ‘শীর্ষ ওই দুই সন্ত্রাসী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। তাদের ধরতেও পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। অভিযুক্ত ওই দুই আসামির বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় ১৯টি মামলা রয়েছে। শরীয়তপুরের জাজিরা থানায় আকাশের বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে।’
আরএ