দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের কালকিনিতে সাপের কামড়ে ফরহাদ শিকদার (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তবে কোন জাতের সাপ তাকে কামড় দিয়েছে তা বলতে পারেনি পরিবারের সদস্যরা।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফরহাদ মাদারীপুরের কালকিনি উপজেলার বাশগাড়ি ইউনিয়নের জাইহীর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার জাইহীর গ্রামের বাসিন্দা কৃষক ফরহাদ শিকদার বিকেলে একটি ফার্নিচার মেরামত করার সময় নিজ ঘরের ভেতরেই একটি কালো রঙের সাপ তাকে কামড় দেয়। পরে প্রথমে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই সোহেল রানা বলেন, আমার ভাই কৃষি কাজ করতো। গতকাল বিকেলে ঘরের একটি ফার্নিচার মেরামত করার সময় নিজ ঘরের ভেতরেই একটি কালো রঙের সাপ তাকে কামড় দেয়। সাপটিকে আমরা চিনতে পারিনি। উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানিয়েছেন, ঢাকা মেডিকেলে কালকিনির এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন বলে জানতে পেরেছি। পরিবারের পক্ষ থেকে থানায় কেউ এখনও অভিযোগ করেনি।
আরএ