দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিকল্প পদ্ধতিতে বিশেষ বিবেচনায় ফলাফলের ঘোষণার দাবিতে বাগেরহাটের এইচএসসি পরীক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীরা জানান, আন্দোলন চলাকালীন বহু পরীক্ষার্থী আহত হয়েছেন। আহত অনেক শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন রয়েছেন। এই অবস্থায় আমাদের মানসিক অবস্থা ভালো নেই। আগে পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ায় এমনিতেই অনেক দেরি হয়ে গেছে । এখন মূলত আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেওয়ার কথা ছিল। কিন্তু এখনও আমাদের পরীক্ষা নিয়ে চিন্তা করতে হয়। এই অবস্থায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাকি পরীক্ষাগুলো বিশেষ বিবেচনায় এনে ফলাফল প্রকাশ করা প্রয়োজন।
বাগেরহাট সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী তামান্না আক্তার বলেন, ‘আমাদের ভাই বোনেরা রাজপথে রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করেছে । তারা অনেকেই অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা এখন পরীক্ষার হলে বসার মতো পরিস্থিতিতে নেই। তাদের কীভাবে রেজাল্ট দেওয়া হবে? আমরা পড়াশোনায় মনোনিবেশ করতে পারছি না । এখন বিকল্প ফলাফল দিয়ে আমাদের স্নাতক পর্যায়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার দাবি জানাই।’
সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাহরিয়ার রায়হান নির্জন বলেন, ‘আমরা ২০২৪ সালের পরীক্ষার্থীরা নানা কারণে অনেক পিছিয়ে আছি। তার উপর দেশের এই অবস্থায় খুবই শঙ্কিত। এই অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার চাপ না দিয়ে, বিকল্প কোনো পদ্ধতিতে ফলাফল দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে।’
উল্লেখ্য, আন্দোলনের কারণে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা গ্রহণের জন্য রুটিন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। রুটিন অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষার খবরে আন্দোলন শুরু করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অ