দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘রাসেলস ভাইপার’ সাপের ছোবলে আক্রান্ত এক রোগী অ্যান্টিভেনম (বিষ প্রতিষেধক) প্রয়োগের ফলে সুস্থ হয়ে উঠেছেন। সুলতান বেপারি নামে এক কৃষকের বেচে ফেরায় স্বস্তি প্রকাশ করেছেন চিকিৎসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সুলতান ব্যাপারী উপজেলার চর জানাজাত ইউনিয়নের রশিদ মোল্লারকান্দি গ্রামের মৃত কাশেম ব্যাপারীর ছেলে। জমির পাট কেটে পাশের পদ্মা নদীতে জাগ দিতে যান তিনি। পানিতে নামতেই রাসেলস ভাইপার তাকে ছোবল দেয়। স্থানীয়রা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে ‘বিষধর’ সাপের কামড় বলে নিশ্চিত হন। তাৎক্ষণিকভাবে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা শুরু করা হয়। অ্যান্টিভেনম প্রয়োগের পর রোগী সুস্থ হয়ে ওঠেন।
সুলতান ব্যাপারী বলেন, পদ্মার চরে রাসেলস ভাইপারের উপদ্রব দেখা দিয়েছে। সতর্ক থেকে কাজ করার পরও সাপের কামড়ের শিকার হই। পাট জাগ দেওয়ার সময় হাতে সাপটি কামড় দেয়। আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে হাতের বিভিন্ন স্থানে তিনটি বাঁধ দেয়। পরে হাসপাতালে নিয়ে যায। চিকিৎসা দেওয়ার পর এখন আমি আল্লাহর রহমতে সুস্থ আছি।
শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ইব্রাহিম হোসেন বলেন, গত সোমবার দুপুরে ওই রোগী হাসপাতালে আসেন। তখন তিনি খুবই অসুস্থ ছিলেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে বুঝতে পারি, বিষধর সাপে তাকে কামড় দিয়েছে। তা ছাড়া রোগী নিজেই সাপটি দেখেছেন। সাপটি রাসেলস ভাইপার। এরপর চিকিৎসকেরা মেডিকেল বোর্ড গঠন করে রোগীকে অ্যান্টিভেনম দিয়ে পর্যবেক্ষণে রাখি। তিন-চার ঘণ্টা পর রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল্লাহ্ আল মামুন বলেন, হাসপাতালের টিম অ্যান্টিভেনম দিয়ে রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছে। কাজেই কেউ আতঙ্কিত না হয়ে সাপে কাটলে ওঁঝা ফকিরের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে আসবেন।
আরএ