দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদী জংশনে রেলক্রসিং পারাপারের সময় তেলবাহী ট্যাংকার ও পাথরবাহী ওয়াগনের মুখোমুখি সংঘর্ষে ঢাকা-খুলনা রেল চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। পাথরবাহী ওয়াগনটি ভারত থেকে বাংলাদেশে আসে।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনগত রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে মালবাহী ট্রেনের সান্টিং চলছিল। ঈশ্বরদী রেলইয়ার্ড থেকে আরেকটি তেলবাহী ট্রেন ভুলবশত (লাইন ক্লিয়ার পেয়েছে মনে করে) খুলনা অভিমুখে যাত্রা করে। এতে মালবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মালবাহী ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা এবং তেলবাহী ট্রেনের লোকোমোটিভ ইঞ্জিনের ছয়টি চাকা লাইনচ্যুত হয়।
পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে রিলিফ ট্রেন রওয়ানা হয়েছেন। রিলিফ ট্রেন ঘটনাস্থলে এলে উদ্ধার কাজ শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলেও তিনি জানিয়েছেন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
এদিকে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩ জনকে সাময়িক বরখাস্ত করেছে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তার কার্যালয়। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ।
তিনি জানান, ঈশ্বরদীর ট্রেন দুর্ঘটনায় অসতর্কতার জন্য প্রাথমিকভাবে এ ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের থেকে লিখিত জবাব চাওয়া হবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইঞ্জিন ও দুটি বগির ৮ চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাটি গভীরভাবে তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
কে