দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের মোরেলগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ীকে মারপিট করে ১৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ দুই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের ১৩ ঘণ্টা পরে মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১০টার দিকে কুঠিবাড়ি এলাকায় পানগুছি নদীর চর থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে পৌরসভার সেরেস্তাদারবাড়ি এলাকা থেকে নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে ছিনতাইকারীরা মারপিট করে স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মিলন কর্মকার বলেন, দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাড়ির রাস্তায় প্রবেশের সঙ্গে সঙ্গে সামনে একটি মোটরসাইকেল আমার গতিরোধ করে। মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে কয়েকজন এসে আমাকে মারধর শুরু করে এবং গলাচেপে ধরে। একপর্যায়ে আমার জ্ঞান হারালে মৃত ভেবে সবকিছু নিয়ে চলে যায়। মোটরসাইকেলের সিটের নিচে তিনটি ব্যাগে আমার দোকানের ১০০ভরি এবং শ্যালকের দোকানের ৬০ ভরি মোট ১৬০ ভরি ওজনের স্বর্ণলঙ্কার ও নগদ আড়াই লাখ টাকা ছিল।
এদিকে এভাবে স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় বাজারের স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মোরেলগঞ্জ বাজার জুয়েলারি ব্যবসায়ী সমিতির সভাপতি অসীম কুমার কর্মকার বলেন, এর আগেও বাজারের স্বর্ণ ছিনতাই হয়েছিল। এবার বাড়ির সামনে থেকে এভাবে ছিনতাই হলো। আমরা ব্যবসায়ীরা এক ধরনের আতঙ্কে রয়েছি। অতি দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারের দাবি জানান এই ব্যবসায়ী নেতা।
এদিকে ছিনতাইয়ের ঘটনার পরে বাগেরহাট পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও স্বর্ণ উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠ পর্যায়ে কাজ করছে।
জেবি