দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে শ্রেণিকক্ষে দুষ্টুমি করায় ১২ বছরের এক মাদরাসাছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানতে গেলে দরজা বন্ধ করে রুমের ভেতর আটকিয়ে পরিবারের আরও ৪ সদস্যকে ওই শিক্ষকের নেতৃত্বে গণপিটুনি দেয় এলাকাবাসী। পরে ৯৯৯ এ কল পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া আদর্শ হাফেজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।
স্বজনরা জানায়, রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে দুষ্টুমি করে মাদারীপুর শহরের কুকরাইল এলাকার আবির। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে যান ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া আদর্শ হাফেজিয়া মাদরাসার শিক্ষক ফকির মোক্তারুজ্জামান। পরে দুই শিক্ষার্থীর সহযোগিতায় নাজেরা বিভাগের শিক্ষার্থী আবিরের হাত-পা চেপে ধরে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ উঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ভয়ে পালিয়ে বাড়িতে চলে আসে আবির।
বিষয়টি জানতে বিকেলে মাদরাসায় যায় আবিরের পরিবারের সদস্যরা। এ সময় তাদের একটি রুমের ভেতর আটকিয়ে রাখা হয়। পরে অভিযুক্ত শিক্ষকের নেতৃত্বে আবিরের বাবাসহ আরো ৪ জনকে গণপিটুনী দেয় এলাকাবাসী। জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষার্থীসহ পরিবারের ৫ জনকে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের ধরতে চলছে অভিযান।
প্রসঙ্গত, অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ফকির মোক্তারুজ্জামানের বাড়ি বাগেরহাটের রামপালে। একবছর আগে ওই মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি।
এফএইচ