দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহে নিহত বরুন ঘোষের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাত করেন কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দ।
ঝিনাইদহে নির্বাচনের একদিন পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত বরুণ ঘোষের বাড়ি গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ শহরের হামদহে নিহত আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষের বাড়ি গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
সেসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্ট্রার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ নিহত বরুণ ঘোষের স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সেইসঙ্গে তাদের আইনগতসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ নির্বাচনি নাটক সাজাতে গিয়ে সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে । তারা সময় সময় সাম্প্রদায়িকতা সৃষ্টি করে। এবারের নির্বাচন মানুষ বয়কট করেছে। তারা নির্বাচনকে কাজে লাগিয়ে সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ এলাকার আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
জেবি