দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে গিয়ে আইন ভাঙলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের থেকে প্রকাশিত ২০২৩ সালের ২৫ মে'র প্রজ্ঞাপনে সেন্টমার্টিন সৈকতে শব্দ দূষণ রোধে মোটরযান ও যন্ত্র চালিত কোনো যানবাহন যেমন মোটরসাইকেল ভটভটি এবং ব্যাটারি চালিত যানবাহন নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু এই আইন না মেনে সেন্টমার্টিন থেকে মোটরসাইকেলে করে স্ত্রী আরিফা জেসমিন কনিকাকে পেছনে নিয়ে ছেঁড়াদ্বীপে যান প্রতিমন্ত্রী। এসময় দুজনের মাথায় হেলমেটও ছিলো না।
শনিবার (২৭ জানুয়ারি) ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সমূহের সংস্কার/পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব পোস্ট অফিস পুনঃনির্মাণ কাজ পরিদর্শন এবং সেন্টমার্টিন ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনে সেন্টমার্টিনে যান প্রতিমন্ত্রী।
তবে প্রতিমন্ত্রীর ভেরিফাইড ফেসবুক আইডি থেকে মাহিদুল ইসলাম মানিকের শেয়ার করা এক ভিডিও রিলস্ ভাইরাল হয়। একারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, আইন প্রণেতা হয়ে আইন ভঙ্গ করেছেন পলক।
শেয়ার করা রিলস ভিডিওর মন্তব্যের ঘরে অনেকেই ভালো মন্তব্যের পাশাপাশি করছেন বিরূপ মন্তব্য।
আফরিন আঁখি নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, "স্যার কিছু মনে করবেননা,,,পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী সেন্টমার্টিনে জীববৈচিত্র রক্ষায় সৈকতে বাইক চালানো নিষেধ। আশা করি আপনি তা ভালোমতোই জানেন। এই বাইক চালানোর জন্য টুরিস্ট পুলিশ অনেককে বাধা দেয়,,,,, কিন্তু আপনারাতো নিজেরাই আইনের লোক তাই আপনারা এরকম কিছু করলে সাধারণ মানুষ কি করবে"
আরেক ফেসবুক ব্যবহারকারী সাব্বির আহমেদ লিখেছেন, "নিরাপদে রাইড করার জন্য হেলমেট ব্যবহার করা উচিত ছিল স্যার। সবাই আপনাকে বাহবা দিচ্ছে অসাধারণ বলছে। সবার আগে নিরাপত্তা"
এবিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)'র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হাস্যরস! আমরা আশা করি আইন প্রণেতা হিসেবে আইন জানা উচিত। উনি যদি আইন না জেনে এটা করে থাকেন তাহলে দুঃখিত, লজ্জিত এবং ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় না উনি আইন জেনে এটা করেছেন। উনি যদি দুঃখ প্রকাশ করেন তাহলে অন্যরাও তখন এই কাজটা করা থেকে বিরত থাকবে।
তবে বিষয়টি নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
এছাড়া পলকের একান্ত সচিব মো. মুশফিকুর রহিমকে কল দিলে প্রতিমন্ত্রীর তথ্য ও জনসংযোগ কর্মকর্তাকে কল দিতে বলেন ও তথ্য ও জনসংযোগ কর্মকর্তাকে কল দিলে প্রতিমন্ত্রী ব্যস্ত আছেন বলে জানান। তিনি বলেন, স্যার সংসদে ব্যস্ত আছেন।
এফএইচ