দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার নাতির বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান।
নিহত আব্দুল আব্দুল মান্নান (৭০) ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনার পর তার নাতি রাব্বী ও তার মা পলাতক রয়েছেন। রাব্বীর বাবা হায়দর আলী প্রবাসী।
নিহতের বড় ছেলে হাফিজের বরাত দিয়ে ওসি কামরুল বলেন, রাতে দাদা মান্নানের সঙ্গে ছেলের বউ ও নাতি রাব্বীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে দাদা মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাব্বী। এতে তাদের শরীরে বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।
তিনি বলেন, পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় মান্নান ও হাওয়াকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করান।
মান্নানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।
জেবি