দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী ও কানুনগোর স্বাক্ষর জাল করে জমি খারিজের দায়ে জাকিউল আলম লিমন (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার লিমন বগুড়ার শেরপুর উপজেলার টাউন কলোনি এলাকার জমিস উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ী হাট এলাকায় লিমন ফটোকপি অ্যান্ড কম্পিউটার নামে একটি দোকান পরিচালনা করেন।
বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় দুবলাগাড়ী হাট এলাকায় অভিযান চালিয়ে লিমনকে আটক করেন। এ সময় তার দোকান সিলগালা ও মালামাল জব্দ করা হয়।
উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের আব্দুল বাছেদ নামে এক ব্যক্তি জানান, লিমন ফটোকপি অ্যান্ড কম্পিউটার দোকানের মালিক লিমন সহজে জমি খারিজ করে দেন এমন খবর পেয়ে কিছুদিন আগে তাকে চুক্তি মোতাবেক ৯ হাজার টাকা দেন এবং যথাসময়ে খারিজের কাগজপত্র পান। কিন্তু সন্দেহ হলে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখেন জমি খারিজ হয়নি। পরে জানা যায় সাবেক উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড), উপজেলা কানুনগো ও ইউনিয়ন ভূমি সহকারীর স্বাক্ষর জাল করে ভূয়া ডিসিআর তৈরি করা হয়েছে। পরে এ বিষয়ে এসিল্যান্ড বরাবর অভিযোগ দায়ের করা হয়।
শাজাহানপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, ইউনিয়ন ভূমি সহকারী, কানুনগো ও এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জমি খারিজের একটি অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লিমনকে আটক করা হয়। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে লিমন নিজের দোষ স্বীকার করেন। কিন্তু অপরাধ ভ্রাম্যমাণ আদালতে বিচার্য না হওয়ায় থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, স্বাক্ষর জাল করার অপরাধে জাকিউল আলম লিমনের নামে ভূমি আইনে নিয়মিত মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।
জেবি