দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া-৪ (কুমারখালী ও খোকসা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় একটি কলেজের লাইব্রেরিয়ানকে কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে সদ্য বিজয়ী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল কলেজ মোড়ে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ধোকড়াকোল ডিগ্রি কলেজের লাইব্রেরিয়ান জাহাঙ্গীর আলম আলাল বাদী হয়ে খোকসা থানায় মামলা করলে আসামি রবিউল ইসলামকে (৩৫) মঙ্গলবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। রবিউল উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের কাজেম আলীর ছেলে।
মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রবিউল ইসলাম কলেজ থেকে মোবাইল ফোনে জাহাঙ্গীর আলমকে স্থানীয় ধোকড়াকোল বাজারসংলগ্ন কলেজ মোড়ে ডেকে নেন। এ সময় নৌকার পক্ষে কাজ করার অভিযোগ তুলে গালমন্দ করতে থাকেন তাকে। একপর্যায়ে নৌকার পক্ষে কাজ করার জন্য জাহাঙ্গীর আলমকে ৭ বার কান ধরে ওঠবস করান রবিউল।
মামলার বাদী জাহাঙ্গীর আলম আলাল বলেন, নিরাপত্তা ও সম্মানের বিষয়টি বিবেচনা করে বিষয়টি নিয়ে প্রথমে মুখ খুলতে চাইনি। পরবর্তীতে পরিস্থিতির কারণে একরকম বাধ্য হয়েই থানায় মামলা দায়ের করেছি।
এ বিষয়ে নৌকার প্রার্থীর সমর্থক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার বলেন, এমন ঘটনা ঘটেছে সেটা সবাই জানে।
এ ঘটনায় খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আননুর জায়েদ বলেন, রাতেই অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেবি