দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, এই নির্বাচনকে নিয়ে দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র হয়েছিল। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছি। সংবিধানকে রক্ষা করতে পেরেছি।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জেলার শিবচর পৌরসভার চৌধুরী ফাতেমা বেগম অডিটরিয়ামে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পৃথিবীতে খুব কম প্রধানমন্ত্রী আছেন যাদের সৌভাগ্য হয়েছে গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে পাঁচ পাঁচবার প্রধানমন্ত্রী হওয়ার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য শিবচরের জনগণের পক্ষ থেকে আমরা তাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনারা আমার পিতাকে তিন তিন বার নির্বাচিত করেছেন। এবারও আমাকে আপনারা ভোট দিয়ে সাতবারের মতো নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এ সময় শিবচর উপজেলার হাজারো মানুষ তাদের প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানান। পৌর অডিটরিয়াম কানায় কানায় ভরে উঠে। মাদারীপুর জেলা পরিষদ, উপজেলা পরিষদ, শিবচর উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠন প্রেসক্লাবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নূর-ই-আলম চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি