দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়া কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন হৃদয়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ধারী সদস্যরা তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ৬ দিন ধরে নিখোঁজ ওই নেতার এখনও কোনো হদিস মেলেনি।
বুধবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে আহাজারি করে এসব জানান নিখোঁজ নেতার স্ত্রী আঁখি বেগম।
নিখোঁজ আনোয়ার হোসেন কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ভোলতা দক্ষিণপাড়া এলাকার মৃত আজিজার রহমানের ছেলে এবং কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক। এছাড়া তিনি বীরকেদার ইউপির সাবেক সদস্য।
আঁখি বেগম কান্নারত কণ্ঠে সাংবাদিক সম্মেলনে বলেন, গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে শেরপুর পল্লী উন্নয়ন একাডেমির সামনে থেকে ডিবি পরিচয়ধারী সদস্যরা আমার স্বামীকে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তিনি বলেন, আমার স্বামী রাজনৈতিক হিংসা ও ক্ষোভের শিকার। তার বিরুদ্ধে কোনো মামলাও নেই। তারপরও তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। তার সন্ধান না পাওয়া পর্যন্ত দুই সন্তান ও পরিবারের অন্য সদস্যরা ভয়ে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন পার করছি। এ ঘটনায় শেরপুর থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশি কোনো সহযোগিতা আমরা পাচ্ছি না।
নিখোঁজ আনোয়ারের মা রমেনা বেগম বলেন, ওইদিন রাত ৯টার দিকে আমার ছেলের সঙ্গে মোবাইল ফোনে কয়েক সেকেন্ড কথা হয়েছে। সে জানায়, মা আমি বগুড়ার মধ্যেই আছি, টেনশন করো না। তারপর থেকে আমার ছেলের কোনো হদিস পাচ্ছি না।
বগুড়া ডিবির ওসি মোস্তাফিজ হাসান বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের কোনো সংশ্লিষ্টতা নেই। তারা যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন।
আর শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, তারা জিডির পরই ওই ব্যক্তির লোকেশন নিয়েছেন। সেখানে তার অবস্থান দুপচাচিয়ায় দেখায়। তাকে উদ্ধারে পুলিশের টিম কাজ করছে এবং তৎপর আছে।
এইউ