দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় নির্ধারিত সময় পরেও হাট-বাজারের ইজারামূল্য পরিশোধ না করায় ইউনিয়ন যুবলীগ নেতা আপেল সরকারকে আটক করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়ক থেকে নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) তাহমিনা আক্তার তাকে আটক করেন। এ সময় পুলিশ ও আনসার সদস্যরা উপিস্থিত ছিলেন।
আটক আপেল শিবগঞ্জের মোকাতলা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও মোকামতলা হাট-বাজারের ইজারাদার। তাকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা প্রশাসন জানায়, ১৪৩০ বঙ্গাব্দের ১ বৈশাখ থেকে ওই বঙ্গাব্দের ৩০ চৈত্র পর্যন্ত এক বছর মেয়াদের জন্য আপেল সরকার ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ২৫০ টাকায় মোকামতলা হাট-বাজার ইজারা নেন। ওই সময় তিনি ইজারামূল্য ৭০ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা পরিশোধ করেন। আর বাকি ৮২ লাখ ৭৫০ টাকা ১৪২৯ বঙ্গাব্দের ৩০ চৈত্রের মধ্যে অর্থাৎ এই বছরের ১৩ এপ্রিলের মধ্যে পরিশোধ করার কথা ছিল। বারবার তাগিদ দেওয়ার পরেও তিনি পাওনাদি টাকা এখনও পরিশোধ করেননি। এতে সরকারের রাজস্ব আদায় বিঘ্নিত হয়েছে। আপেলকে উপজেলা প্রশাসন থেকে একাধিকবার লিখিত নোটিশও দেওয়া হয়েছে। সাড়া না দেওয়ায় ইজারামূল্যে পরিশোধে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।
এ প্রসঙ্গে মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আহসান হাবীব সবুজ বলেন, বকেয়া টাকা পরিশোধের জন্য আপেলকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছে। এরপরও তিনি নিয়ম অনুযায়ী টাকা পরিশোধ করেননি। এজন্য প্রশাসন থেকে ব্যবস্থা নিয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, উপজেলা প্রশাসন আপেলকে থানায় হস্তান্তর করে গেছে। এখনও আইনগত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু জানি তিনি হাট-বাজারের ইজারামূল্য পরিশোধ করেননি।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, মোকামতলার হাট-বাজারের ইজারামূল্য পরিশোধ না করায় তাকে থানায় রাখা হয়েছে। বকেয়া টাকা আদায়ের চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
জেবি