দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ায় ছাত্রলীগের বাধায় গণঅধিকার পরিষদের সমাবেশ ও পদযাত্রা পণ্ড হয়ে গেছে। সোমবার (২ অক্টোবর) বিকেলে শাজাহানপুর উপজেলার বনানী লিচুতলা মোড়ে গণঅধিকার পরিষদের কার্যলয়ের সামনে এই ঘটনা ঘটে।
বিকেল পৌনে ৪ টার দিকে বগুড়া জেলা গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও পদযাত্রার আয়োজন করে।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে এই আয়োজন করা হয়। সেখানে ছাত্রলীগ গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া দেয়। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিলে ছাত্রলীগ তাদের বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ছাত্রলীগ নেতাকর্মীদের বুঝিয়ে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসে। এই সময় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রাব্বি স্বাধীন উপস্থিত ছিলেন।
পরে ছাত্রলীগ নেতাকর্মীরা ঢাকা-রংপুর মহাসড়কে বনানী লিচুতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে চলে যায়। এরপরে অবরুদ্ধ গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা কার্যালয় থেকে বের হয়ে এসে ঘটনাস্থল ত্যাগ করেন।
বগুড়া জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক খোরশেদ আলম বলেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগ পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে। তারা দলীয় কার্যালয়ের ফটক ভাঙারও চেষ্টা করেছে।
এ প্রসঙ্গে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিন্টু মিঞা বলেন, গণঅধিকার পরিষদ অস্তিত্বহীন সংগঠন। তাদের কোনো অনুমোদন নেই। ভোটের আগে জ্বালাও-পোড়াও করতে তারা মাঠে আসে। ছাত্রলীগসহ স্থানীয় মানুষ তাদের প্রতিহত করেছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে ছিল। গণঅধিকার পরিষদের ওপরে কেউ হামলা করেনি। তারাও কোনো অভিযোগ আমাদের জানায়নি।
জেবি