দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গেছে। তারা এখন আবল-তাবল কথা বলছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের কথা বললে লুটপাটে ব্যস্ত আওয়ামী সরকার সংবিধানের দোহাই দিচ্ছে। যতই কিছু করেন আপনাদের বিদায় নিতেই হবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামে কাজীর দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আগামী ২ অক্টোবর ঢাকায় কৃষক দলের মহাসমাবেশ সফল করার লক্ষে চট্টগ্রাম বিভাগীয় প্রস্তুতি হিসেবে এর আয়োজন করা হয়।
শামীম বলেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে লাখ লাখ মানুষের সমাগম হচ্ছে। জনগণ যেভাবে রাস্তায় নেমেছে এই সরকারকে বিদায় নিতেই হবে। আর যারা ভোট চুরি, গুম, খুন ও মিথ্যা মামলার সঙ্গে জড়িত ছিল জনগণ তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
তিনি বলেন, এ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ প্রয়োজনে দিনের পর দিন রাজপথে বসে থাকবে। তাই বর্তমান অবৈধ সরকারের মন্ত্রীরা এখন ভয়ের মধ্যে আছে। কখন না জানি কি হয়ে যায়।
মাহবুবের রহমান শামীম বলেন, আওয়ামী লীগ আবারও গতবারের মতো আরেকটি নির্বাচনের জন্য উঠে-পড়ে লেগেছে। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হতে দেব না। আগামী নির্বাচন হতে হবে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত শান্তিপূর্ণ রোডমার্চ কর্মসূচিতে সরকার যদি বাধা দেয়, তাহলে প্রতিরোধ করা হবে। আঘাত এলে পাল্টা আঘাত করতে হবে।
তিনি বলেন, ইতোপূর্বে বারবার বেগম খালেদা জিয়ার সু-চিকিৎসা নিশ্চিত করতে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানানো হয়েছে। কিন্তু কর্তৃত্ববাদী সরকার এতে কোনো কর্ণপাত করেনি। এমনকি খালেদা জিয়ার পরিবারের লিখিত আবেদনেরও কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনের অপব্যাখ্যা দিয়ে বারবার খালেদা জিয়াকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। সরকারের নিষ্ঠুরতার শিকার হয়ে বয়স্ক এই সাবেক প্রধানমন্ত্রী আজ উন্নত চিকিৎসার অভাবে মৃত্যুর দ্বারপ্রান্তে। তার কিছু হলে এ সরকারেরও শেষ রক্ষা হবে না।
আরএ