দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের ফতুল্লার কবির হোসেন নামের ঝুট ব্যবসায়ীকে গলা ও পেট কেটে হত্যার মামলায় নারীসহ ২ জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাচঁ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক উম্মে সরাবন তহুরা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্ত নারী ছাড়া অন্য আসামিরা পলাতক ছিলেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্তরা হলেন ফতুল্লায় সিয়াচর এলাকার ইব্রাহিমের স্ত্রী সালেহা বেগম (৫০) ও কোতালের বাগ এলাকার বিল্লাল মুন্সির ছেলে মনির হোসেন (২৫)।
আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন ফতুল্লার কোতালের বাগ এলাকার কাজল মিয়া (২২), মো. জুয়েল (২০), নুরুল ইসলাম (২৪), মাজেদুল ইসলাম (২৫) ও লিটন মিয়া (৩০)।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০১১ সালের ২১ এপ্রিল রাতে ফতুল্লার সিয়াচর এলাকার ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে ঘুমন্ত অবস্থায় ছিলেন ঝুট ব্যবসায়ী কবির হোসেন ওরফে খোকন। রাত ১টার দিকে গুরুত্বপূর্ণ কথা আছে জানিয়ে তাকে ফোন করে ডেকে নেয় আসামিরা। এরপর আর সে বাড়িতে ফেরেনি। পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।
পরে মামলার তদন্তে বেরিয়ে আসে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয় কবিরকে। ওই বছরের ৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ একযুগ পর আদালত সোমবার মামলাটির রায় ঘোষণা করেন আদালত।
আদালত পুলিশের ওসি আসাদুজ্জামান জানান, মামলার রায়ে আসামি সালেহা ও মনিরকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করে আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি তাদেরকেও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে মামলার আসামিরা জামিনে গিয়ে পালিয়ে যান। শুধুমাত্র সালেহা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
এইউ