দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ বছরের এক শিশুকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা মামলায় মোশারফ মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় লাশ গুম করায় আসামিকে পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মোশারফ মিয়া রূপগঞ্জ উপজেলার কেন্দুয়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শিশুর দুঃসম্পর্কের নানা হয়। তাকে নানা বলে ডাকত নিহত শিশুটি।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, ২০২১ সালের ২২ অক্টোবর সকালে শিশুটির বাড়িতে আসে মোশাররফ। এরপর শিশুকে চকলেট ও চিপস কিনে দেওয়ার কথা বলে বাড়ির বাইরে নিয়ে যায়। পরে দুপুর গড়িয়ে রাত হয়ে গেলেও শিশুটিকে নিয়ে বাড়িতে না ফেরায় তার খোঁজ শুরু করে পরিবারের লোকজন। এলাকায় মাইকিং চালিয়ে সন্ধান করাসহ থানা-পুলিশ ঘটনা জানানো হয়।
পরদিন সকালে স্থানীয় লোকজন মোশাররফকে দেখতে পেয়ে শিশুর পরিবারের লোকজনকে জানালে তারা পুলিশ নিয়ে সেখানে যায়। পরে পুলিশ মোশাররফকে আটক করে শিশুটির বিষয়ে জিজ্ঞেসাবাদ করলে সে জানায় তাকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করেছে। এরপর পুলিশকে জাঙ্গীর এলাকার কবরস্থানের পাশের একটি কাশবনে নিয়ে যায়। সেখানে উলঙ্গ অবস্থায় শিশুটির মরদেহ পাওয়া যায়।
পুলিশ আরও জানায়, শিশুটির দুই হাত ভেঙে ফেলা হয়েছিল, নাক-মুখ রক্তাক্ত ছিল। লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত প্রতিবেদনে ওঠে আসে শিশুটিকে ধর্ষণের পর হত্যার নানা আলামত। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মোশাররফকে আসামি করে মামলা করেন। ওই মামলায় একই বছর অভিযোগপত্র দাখিল করে তদন্তকারী কর্মকর্তা। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয় আসামি।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, শিশুটিকে অপহরণের পর ধর্ষণ শেষে হত্যা, এরপর লাশ গুম করার মামলায় ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামি মোশাররফ মিয়াকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে লাশ গুম করার অভিযোগে আরও পাচঁ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এইউ