দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বৃষ্টি ও উজানের ঢলে বেড়েছে কুড়িগ্রামের নদ নদীর পানি। এতে করে পানিবন্দি হয়ে পড়েছে চিলমারীর হরিজন পল্লির ৩০টি পরিবার। এরই মধ্যে দেখা দিয়েছে খাবার পানির সংকট।
সরেজমিনে দেখা গেছে, থানাহাট ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সবুজপাড়া এলাকায় বিলের মধ্যে সদ্য নির্মিত হরিজনপল্লীর চারদিকে পানি থৈ থৈ করছে। সড়কপথ না থাকায় কোমর সমান পানি ডিঙিয়ে বিশুদ্ধ পানি ও খাদ্যের সন্ধানে বের হতে হচ্ছে তাদের।
হরিজনপল্লীর বাসিন্দা শ্রী মনি লাল জানান, সামান্য বন্যার পানিতে তলিয়ে গেছে আমাদের হরিজনপল্লী। সাতদিন ধরে এভাবে পানিবন্দি রয়েছি আমরা। আর একটু পানি বাড়লে হরিজনপল্লী ছেড়ে চলে যেতে হবে।
শ্রী রুমা রাণী বলেন, বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি, সব সময় ভয়ে থাকতে হচ্ছে।
হরিজনপল্লীর বাসিন্দারা অভিযোগ করে বলেন, কয়েকদিন ধরে পানিবন্দি থাকলেও সরকারি বা বেসরকারি কোনো খাদ্যে সহায়তা পাইনি।
অন্যদিকে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে চিলমারীতে প্রায় ১৪ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও গো-খাদ্যের সংকট।
পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি ১২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাফিউল আলম জানান, হরিজন পল্লীসহ পানিবন্দি মানুষদের তালিকা করা হচ্ছে। দু-একদিনের মধ্যে তাদের খাদ্যে সহায়তা দেওয়া হবে।
জেবি