দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সমুদ্রের ঢেউ আর পূর্ণিমার আলোয় ভক্তি, প্রার্থনা ও উৎসবের আবহে মুখর হতে যাচ্ছে সাগরকন্যা কুয়াকাটা। হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী রাস উৎসব ও পুণ্যস্নানকে ঘিরে সেখানে চলছে ব্যাপক প্রস্তুতি।
কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে চলছে প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের থাকা এবং ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন করতে প্রস্তুত করা হচ্ছে উৎসবস্থল। শেষ মুহূর্তে রং-তুলির আঁচড়ে বাহারি রঙে সাজানো হচ্ছে প্রতিমাগুলো।
আয়োজকদের প্রত্যাশা, হিন্দু সম্প্রদায়ের দুই শত বছরেরও বেশি সময়ের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা উৎসব ঘিরে পুণ্যার্থী, ভক্ত ও দর্শনার্থী মিলিয়ে লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। এ আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখতে চান না তাঁরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থী ও দর্শনার্থীদের আগমনে উৎসবমুখর হয়ে ওঠার অপেক্ষায় রয়েছে কুয়াকাটা সমুদ্রসৈকত।
আগামী ২৩ নভেম্বর রাধাকৃষ্ণের পূজা, গঙ্গাস্নান, গীতাপাঠ, কীর্তন, সন্ধ্যারতি ও মঙ্গল আরতিসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপিত হবে এবারের রাস উৎসব। ইতিমধ্যে স্থাপন করা হচ্ছে রাধাকৃষ্ণের ১৭ জোড়া যুগল মূর্তি। প্যান্ডেল নির্মাণ, মন্দির প্রাঙ্গণ সাজানো ও আলোকসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। বিশ্বাস ও ভক্তির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা ছুটে আসেন এই আয়োজনে।
আগামী ২৪ নভেম্বর পূর্ণিমার তিথিতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সমুদ্রস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল ধর্মীয় আয়োজন। তবে রাস উৎসবের পাশাপাশি চলবে ঐতিহ্যবাহী রাসমেলাও। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ধর্মীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা।
রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি নীহার রঞ্জন মণ্ডল জানান, উৎসব সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিপুলসংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর অংশগ্রহণে এবারের আয়োজন প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা তাঁদের।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি বসবে ঐতিহ্যবাহী রাসমেলা। উৎসবকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি প্রত্যাশা। হোটেল-মোটেল, রেস্তোরাঁসহ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে চলছে অতিথি বরণের প্রস্তুতি। পুণ্যার্থী ও পর্যটকদের আগমনে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
এদিকে, উৎসব ঘিরে পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গত বছরের তুলনায় এবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, র্যাবসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। সৈকত ও গুরুত্বপূর্ণ স্থানে থাকবে বাড়তি নজরদারি। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পুলিশ পরিদর্শক নাজমুল হাসান জানান, রাস পূর্ণিমা উপলক্ষে সৈকত এলাকায় নিরাপত্তা জোরদার করা হচ্ছে। পুণ্যার্থী ও পর্যটকদের নির্বিঘ্ন চলাচল এবং নিরাপদ অবস্থান নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
উৎসব সফল করতে কয়েক দফা প্রস্তুতিমূলক সভা করেছে জেলা ও উপজেলা প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কয়েকটি দলে ভাগ করে দায়িত্ব পালনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুণ্যার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গঠন করা হয়েছে মেডিকেল টিম। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায়ও নেওয়া হচ্ছে বিশেষ উদ্যোগ।
পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করীম জানান, রাস পূর্ণিমা উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুণ্যার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা, শৃঙ্খলা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
সব মিলিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ঐতিহ্য ও উৎসবের আমেজে ২৩ ও ২৪ নভেম্বর কুয়াকাটা হয়ে উঠবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলা—এমনটাই প্রত্যাশা আয়োজক ও স্থানীয়দের।
এমএস/