দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজারের টেকনাফে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের পেছন থেকে ১৩টি গ্রেনেড, ৭৬ রাউন্ড মেশিনগানের (এমজি) গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-১৫। পরে আদালতের নির্দেশে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল গ্রেনেডগুলো নিরাপদে ধ্বংস করেছে।
গত ২০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, দমদমিয়া এলাকার মোহাম্মদ আয়াজ ওরফে রুবেল (২৭) সহযোগীদের নিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর ব্লক-সি, সাব-ব্লক-সি১২ সংলগ্ন নেচার পার্কের লাল গেটের সামনে একটি ইজিবাইকে অবস্থান করছেন।
পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেখানে অভিযান চালায় এসআরবি-১৫-এর একটি দল। অভিযানের উপস্থিতি টের পেয়ে রুবেল ও তার সঙ্গে থাকা অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজন ব্যক্তি ইজিবাইকের পেছনের যাত্রী আসনে একটি পুরোনো সাদা প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যান। পরে সাক্ষীদের উপস্থিতিতে বস্তাটি তল্লাশি করে এসব আলামত উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে সাতটি গ্রেনেড, ছয়টি এজিএল গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি, একটি খালি ম্যাগাজিন ও একটি পুরোনো ব্যাটারিচালিত ইজিবাইক।
এসআরবি-১৫ জানায়, গ্রেনেডগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় আদালতের কাছে সেগুলো ধ্বংসের অনুমতি চাওয়া হয়। ২১ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫, কক্সবাজার এ বিষয়ে নির্দেশনা দেন। পরে ১০ পদাতিক ডিভিশনের জিএস শাখার বোমা নিষ্ক্রিয়করণ দল রামু সেনানিবাসের অধীন শীলখালী এয়ার ডিফেন্স ফায়ারিং রেঞ্জে গ্রেনেডগুলো ধ্বংস ও নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এফ) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইনের ৪ ও ৬ ধারায় টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।
যে আই