দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার বেড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরে চলা উত্তেজনা ও সংঘর্ষ শনিবার (২১ নভেম্বর) দুপুরে তীব্র আকার ধারণ করে। সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ মিছিল করেন। পরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পাল্টা মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনার পর থেকেই দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে থেমে থেমে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটছে।
এরই ধারাবাহিকতায় শনিবার (২১ নভেম্বর) দুপুর থেকে বেড়া পৌর এলাকার বৃশালিখা এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার সরকার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।
এমএস/