দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী বলেছেন, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের অবৈধ অর্থ পুলিশ গ্রহণ করবে না। এ বিষয়ে রাজশাহী রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শপথ করানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, ‘মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।’
তিনি আরও বলেন, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না। পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণেও পুলিশ কাজ করছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের বিষয়ে সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিআইজি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
বাড়িতে বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাড়ির পাশাপাশি রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলার রহস্য উদ্ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসিটিভি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।
সাংবাদিকদের উদ্দেশে ডিআইজি বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আপনারা ভালো কাজগুলো তুলে ধরবেন। সাংবাদিকরা জেগে থাকলে পুরো দেশ জেগে থাকে। পুলিশের নেতিবাচক কাজের পাশাপাশি ভালো কাজগুলোও তুলে ধরবেন।’
তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক ও সহযোগিতা থাকা প্রয়োজন। রাজশাহী রেঞ্জের ডিআইজি থেকে শুরু করে পুলিশ সুপাররা সাংবাদিকদের সঙ্গে আন্তরিক ও মিশুক আচরণে বিশ্বাসী।
সভায় উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুল আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা।
এমএস/