দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের রাউজানে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং ফাঁকা গুলি ছুড়ে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এর মাত্র ১৮ ঘণ্টা আগে একই এলাকায় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
পুলিশের ভাষ্যমতে, ওই মিছিলে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কদলপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী। এ ঘটনা জানাজানি হওয়ার পর ওই বিএনপি নেতাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ছত্তারঘাট এলাকায় মহাসড়কে এ নাশকতার চেষ্টা চালানো হয়। চার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক সড়কের ওপর টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ফাঁকা গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্রে অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে রাউজান থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে হাটহাজারীর দিকে পালিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জ্বলন্ত টায়ারের আগুন নিভিয়ে সড়ক থেকে প্রতিবন্ধকতা সরিয়ে নেয়। পরে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল এবং একটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র আরও জানায়, মধ্যরাতের এই ঘটনার প্রায় ১৮ ঘণ্টা আগে সোমবার ভোর ৫টার দিকে একই এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ৮ থেকে ১০ জন কর্মী ব্যানার নিয়ে কয়েক সেকেন্ডের একটি ঝটিকা মিছিল করে পালিয়ে যায়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরের ওই স্বল্পস্থায়ী মিছিলে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে; তিনি কদলপুর ইউনিয়ন বিএনপি নেতা মো. সেলিম উদ্দিন চৌধুরীর ছেলে ছাত্রলীগ নেতা সজীব উদ্দিন চৌধুরী এবং মিছিলে অংশ নেওয়া অন্যরা বহিরাগত।
এ ছাড়া রাতের ঘটনায় তিনটি তাজা ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে ওসি জানান, ঘটনাস্থলে গুলি ছোড়া হয়ে থাকতে পারে, তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে রাউজান উপজেলা যুবদলের সভাপতি শাহজাহান সাহিল জানান, সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে নাশকতা প্রতিহত ও এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা পাহারায় ছিলেন। রাত সোয়া ১২টার দিকে এক অটোরিকশাচালকের মাধ্যমে সড়কে টায়ার জ্বালানোর খবর পেয়ে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেন। তবে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি ছুড়ে হাটহাজারীর দিকে পালিয়ে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি।
এমজে