দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হয় না। অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা উঠলেই শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের গায়ে জ্বর আসে। তাই যারা সুষ্ঠু নির্বাচনের কথা বলে তাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমন করা হয়।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার রাতের গোরস্থানে পরিনতি করেছে। রোববার (২৭ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকায় বিএনপির এক কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।
রিজভী আরও বলেন, নির্বাচন ঘনিয়ে আসায় শেখ হাসিনা নিজেই এখন ভয় ও আতঙ্কের মধ্যে থাকেন। তাই জঙ্গিবাদের নাটক সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। শেখ হাসিনা নানা ধরনের তাস খেলতে ভালোবাসেন। তাই কখনও জঙ্গি নাটক, কখনও আগুন সন্ত্রাসের কথা বলেন। এ ধরনের কথা বলে দেশ-বিদেশে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে তিনি নিজেই যে বিভ্রান্ত তা আজ প্রমাণিত।
ভিসানীতির বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ভিসানীতির কথা বলে তিনি বিদেশে টাকা লোপাট করছেন। নিজেদের অপকর্ম ঢাকতে আওয়ামী লীগ নেতারা এখন চিকিৎসার উদ্দেশে বিদেশে যাওয়া বিএনপির অসুস্থ নেতাদের নামেও মিথ্যাচার এবং অপপ্রচার করছেন।
এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ২৯ আগস্ট সিদ্ধিরগঞ্জে পদযাত্রা কর্মসূতিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ও চোখে আঘাতপ্রাপ্ত ফতুল্লা থানা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম টিটুর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন। পরে বিএনপির জেডআরএফের পক্ষ থেকে সহায়তা প্রদান করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও জিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. ফরহাদ হালিম ডোনার, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডা. শাহ মোহাম্মদ আমান উল্লাহসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা।
এইউ