দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডিসেম্বরকে সামনে রেখে পলাতক আসামিদের দেশত্যাগ এবং অবৈধ অনুপ্রবেশ ও পারাপার ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। সন্দেহজনক গতিবিধি নজরদারিতে নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসিটিভি ক্যামেরা ও থার্মাল ড্রোনের ব্যবহার বাড়ানো হয়েছে।
সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে ২০২১ নম্বর পিলারসংলগ্ন এলাকায় বিজিবি সদস্যদের টহল কার্যক্রম পরিদর্শন ও দিকনির্দেশনা দেন ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পরে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
জাব্বার আহমেদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের অভিযান ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে টহল জোরদার করা হয়েছে। এ সেক্টরের চারটি ব্যাটালিয়নের অধীন ৩২৭ কিলোমিটার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
তিনি বলেন, যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ বা দেশত্যাগ করতে না পারেন, তা নিশ্চিত করাই এ তৎপরতার লক্ষ্য। এ জন্য প্রতিটি সীমান্ত ফাঁড়িকে (বিওপি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও বলেন, ডিসেম্বরের পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত পয়েন্টগুলো চিহ্নিত করে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পুশইন ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতেও নজরদারি জোরদার করা হয়েছে।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ এলাকা থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে বলে জানান তিনি। এসবের আনুমানিক বাজারমূল্য ৪১০ কোটি ৩৭ লাখ টাকা। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৫৫ জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
সীমান্তে সন্দেহজনক কোনো গতিবিধি চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্পে জানানোর জন্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি। সীমান্তে বিজিবির টহল অব্যাহত থাকবে বলেও জানান ব্যাটালিয়ন অধিনায়ক।
এমএস/