দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাট সদর উপজেলায় অবৈধভাবে সার পাচারের চেষ্টার দায়ে এরশাদ আলী (৪০) নামের এক সার ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে সদর উপজেলার হারাটি ইউনিয়নের মহেন্দ্রনগর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত এরশাদ আলী একই ইউনিয়নের বড়নতল এলাকার খয়বর আলীর ছেলে। তিনি পেশায় কীটনাশক ও সার ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের আগে তিনটি ইজিবাইকে করে ৪৫ বস্তা ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার অন্যত্র পাচারের চেষ্টা করছিলেন এরশাদ আলী। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা ইজিবাইকগুলোর গতিরোধ করেন। পরে তল্লাশি চালিয়ে সারসহ গাড়িগুলো আটক করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোনীতা দাস ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। পরে সার পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এরশাদ আলীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মনোনীতা দাস বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তিনটি ইজিবাইক থেকে ৪৫ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। সার পাচারের অপরাধ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা সার কোনো ধরনের অপচয় ছাড়াই স্থানীয় কৃষকদের মধ্যে সরকারি নির্ধারিত ন্যায্যমূল্যে বিতরণ করা হয়েছে।
এমএস/