দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, পাঁচটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ৭ নম্বর গুয়ারেখা ইউনিয়নের বাটনাতলা-রুদ্রপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজারের চা বিক্রেতা মাইনুল ইসলামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে চায়ের দোকান, ফার্মেসি, মুদি, কসমেটিকস, হার্ডওয়্যার ও হোটেলসহ ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়।
গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ময়নুল হক রাসেল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান ও পাঁচটি বসতঘর পুড়ে যেতে দেখেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।
সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গৌরাঙ্গ লাল বড়াল বলেন, বাজারে প্রায় ৫০টি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ১৮টির মতো পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে।
নেছারাবাদ ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. কলীম উল্লাহ বলেন, যোগাযোগব্যবস্থা ও ফেরি চলাচলে সমস্যার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ বলেন, উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর জানিয়েছেন, বিএনপির নেতাকর্মীরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়া হবে।
যে আই