দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে জন্ম নিয়েছে এক শিশু। জামালপুর জেলার নামের সঙ্গে মিল রেখে তার নাম রাখা হয়েছে শাহ জামাল। শুক্রবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জামালপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে গাজীপুর থেকে আসা কমিউটার ট্রেনের এক যাত্রী ওই সন্তানের জন্ম দেন।
সীমা বেগম নামে ওই প্রসূতির স্বামী শহিজল বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে শাহিনের বয়স ১৮ বছর, ছোটটি সজিবের বয়স ১৩ বছর। পরিবার নিয়ে গাজীপুর বসবাস করি। আমি গাজীপুরেই কাঠমিস্ত্রির কাজ করি, বড় ছেলে চাকরি করে। আমার স্ত্রী বিডি ফুডে চাকরি করে। সে ১০ মাসের গর্ভবতী ছিল। আজ ছয় মাসের মাতৃকালীন ছুটি নিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৩ নং ওয়ার্ডের উত্তর কালিকাপুর মাটিয়াখোলা গ্রামে যাওয়ার উদ্দেশে কমিউটার ট্রেনে উঠি। ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশনে পৌঁছালে প্রসবব্যথা শুরু হয়। সেখান থেকে জামালপুর স্টেশনে এলে প্রসবব্যথা আরও বেড়ে যায়। তখন জামালপুর রেলওয়ে থানার পুলিশ এবং তৃতীয় লিঙ্গের কয়েকজন মিলে কাপড় টাঙিয়ে তাকে ঘিরে ফেলে। পরে রেলওয়ে থানা-পুলিশের সহায়তায় জামালপুর জেনারেল হাসপাতালের গাইনি চিকিৎসক এসে সন্তান প্রসব করায়।
তিনি বলেন, আমি খুবই আনন্দিত। রেলওয়ে পুলিশ, তৃতীয় লিঙ্গের আপারা ও স্টেশনের আশপাশের নারীরা যে সহযোগিতা করেছে সেটা আমি কোনো দিন ভুলতে পারব না। মা ও বাচ্চা এখন সুস্থ আছে। জামালপুর ফায়ার সার্ভিস আমাদের বাড়ি পৌঁছে দিয়েছে।

জামালপুর রেলওয়ে থানার ডিউটি অফিসার সোহেলুর রহমান বলেন, সকালে প্ল্যাটফর্মে এক গর্ভবতী নারী প্রসবব্যথা নিয়ে ট্রেন থেকে নামার পর স্টেশনে ডিউটিরত নারী পুলিশ তাকে সহযোগিতা করেন।
জামালপুর তৃতীয় লিঙ্গের সভাপতি আরিফা ইয়াসমিন ময়ূরী বলেন, আজ আমাদের বার্ষিক সভা ছিল। তাই সবাই উপস্থিত ছিল। কিন্তু জরিনার বিলম্ব হওয়ায় সে আমাকে ফোন করে বলেছে প্ল্যাটফর্মে এক গর্ভবতীর প্রসব কাজে ব্যস্ত আছে। আমি তাকে সেখানেই থাকার জন্য বলেছি। জরিনার এই কাজে আমি অনেক খুশি হয়েছি।
জেবি