দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসে বিএনপি দেশের মানুষের সঙ্গে গাদ্দারি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।
মামুনুল হক বলেন, শাপলা চত্বর ও মোদি বিরোধী আন্দোলনে আলেম-ওলামাদের রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে উঠেছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু মানুষের রক্ত, আর্তনাদ ও ত্যাগের মধ্য দিয়ে ৩৬ জুলাইয়ের মাধ্যমে স্বাধীনতার নতুন সূর্য উদয় হয়। অথচ নতুন স্বাধীনতার কথা শুনলে বর্তমান সরকার ও বিএনপির কিছু নেতার গাত্রদাহ হয়।
তিনি বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে, শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই আন্দোলনের লক্ষ্য ছিল বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আরও বলেন, ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে। এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধাদের সম্মিলিত অঙ্গীকার। বিএনপিসহ সব দল এ অঙ্গীকার করেই জাতীয় নির্বাচনের পথে যাত্রা শুরু করেছিল। গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিয়ে রাষ্ট্র মেরামত ও সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেন তিনি।
মামুনুল হক অভিযোগ করেন, জনগণের বৃহত্তর অংশের সিদ্ধান্ত উপেক্ষা করে সংবিধান সংস্কারের শপথ না নিয়ে বিএনপি বিশ্বাসঘাতকতা করেছে। অথচ গণভোটের মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দুর্বল প্রক্রিয়ায় সংবিধান সংশোধন না করে জুলাই সনদের ধারাগুলো যুক্ত করে গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
দেশের জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করেন মামুনুল হক। তিনি অভিযোগ করেন, জ্বালানি খাতসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রতিবেশী দেশের দালালদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাঁর দাবি, বিশ্ববাজারে বাংলাদেশের একমাত্র বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী ভারত। জ্বালানি সংকটের কারণে দেশের রপ্তানি বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ অন্য নেতারা। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
এমএস/