দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র দাখিলের পর দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানান তিনি।
দেলাওয়ার হোসেন বলেন, গত নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের সময় ভোটারদের কাছে মির্জা ফখরুল বলেছিলেন, সেটিই তার জীবনের শেষ নির্বাচন। দীর্ঘদিনের ত্যাগী ও সর্বজন শ্রদ্ধেয় হওয়ায় অনেকে তাকে ভোট দিয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
এবার ঠাকুরগাঁও-১ আসনের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশা প্রকাশ করেন দেলাওয়ার। জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী বলেও জানান।
এ সময় ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা অধ্যাপক মো. বেলাল উদ্দিন প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. কফিল উদ্দিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, উপনির্বাচনে এ পর্যন্ত পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে। শনিবার ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
তিনি জানান, বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এর আগে চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন দেলাওয়ার হোসেন। ওই নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৯৭ হাজার ৮১৯।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনটি।
এমএস/