দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে কিছু এলাকায় আজ থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। ভোরে এক পশলা বৃষ্টির পর রোদ উঠেছিল রাজধানীর বেশিরভাগ এলাকায়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই আবার আকাশ কালো করে। এরপর শুরু হয় ঝুম বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের বাকি সময়ও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলতে পারে একই অবস্থা।
সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। টানা কয়েকদিন তাপপ্রবাহের পর এই বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এসেছে।
গতকাল বৃহস্পতিবারও বেশ কয়েকবার থেমে থেমে ঢাকার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে লঘুচাপ হিসেবে দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৪৪ মিলিমিটার। এছাড়া ঢাকায় ৬, রাজশাহীতে ১, রংপুরে ৩, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ৪, খুলনায় ২৪ এবং বরিশালে ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
আরএ/এইউ