দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য সমাপ্ত ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের একদিন পর আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পল। বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে না পারার হতাশা প্রকাশের পাশাপাশি তিনি দাবি করেছেন, এই পরাজয় দলকে আরও ঐক্যবদ্ধ করেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে শুরুর একাদশে ছিলেন ডি পল। ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত খেলে তিনি বদলি হিসেবে মাঠ ছাড়েন।
ম্যাচের একদিন পর ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে ডি পল লিখেছেন, “সবচেয়ে বড় কষ্ট হচ্ছে, আমরা বিশ্বকাপটি আবার আমাদের দেশের মানুষের কাছে ফিরিয়ে দিতে পারিনি। কারণ, এই আনন্দ আরেকবার অনুভব করার সবচেয়ে বেশি যোগ্য ছিল আমাদের সমর্থকেরাই। তবে সময়ের সঙ্গে বুঝতে পারছি, এই দলের সঙ্গে আপনাদের সম্পর্ক শুধু একটি ট্রফির মধ্যে সীমাবদ্ধ নয়। এই কঠিন সময়ে সেটিই আমাকে শক্তি জোগাচ্ছে।”
এ সময় সমালোচকদেরও কড়া ভাষায় জবাব দেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। তার দাবি, পুরো টুর্নামেন্টজুড়ে অনেকেই আর্জেন্টিনার পরাজয়ের অপেক্ষায় ছিলেন এবং নানা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দলের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন।
ডি পল লেখেন, “আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল। পুরো বিশ্বকাপজুড়ে তারা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ছড়িয়েছে, কারণ তারা আর্জেন্টাইনদের মতো সেই আনন্দ অনুভব করতে পারেনি। আমাদের হাসি তাদের বিরক্ত করে, আমাদের পরিচয় তাদের অস্বস্তিতে ফেলে। কিন্তু এসবই প্রমাণ করেছে, জার্সির প্রতি আমাদের ভালোবাসা ও আবেগ সব বাধা অতিক্রম করতে পারে।”
তিনি আরও বলেন, “এই কষ্ট অনেক দিন থাকবে। কিন্তু আজ, আগের যেকোনো সময়ের চেয়ে আমি আর্জেন্টাইন হতে পেরে আরও বেশি গর্বিত।”
বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার পক্ষে ফিফার পক্ষপাতের অভিযোগ উঠলেও ফাইনালে সেই বিতর্কের প্রতিফলন দেখা যায়নি। পুরো ম্যাচে স্পেনের বিপক্ষে লক্ষ্যে একটি শটও রাখতে পারেনি আর্জেন্টিনা।
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ১০ জনের দলে পরিণত হওয়ার পর ফেররান তোরেসের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন।
এমএস/