দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে যাওয়ার পর শনিবার (স্থানীয় সময়) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে ম্যাচটির আগে দুই দলই স্বীকার করেছে, তারা কেউই এই লড়াই খেলতে চায়নি।
ফ্লোরিডার মিয়ামি গার্ডেন্সে ম্যাচের আগে ফ্রান্সের ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেন, ‘আমাদের কেউই তৃতীয় স্থানের এই ম্যাচ খেলতে চাইনি। কিন্তু খেলার বিকল্প নেই। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা আছে। তাই আমরা ম্যাচটির অপেক্ষায় আছি। দেখা যাক কী হয়।’
বিশ্বকাপের অন্যতম ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল ফ্রান্স। অন্যদিকে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল ইংল্যান্ড। তবে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। আর আর্জেন্টিনার কাছে পরাজিত হয়ে ফাইনালে ওঠার সুযোগ হারায় ইংল্যান্ড।
রোববারের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। তার আগে তৃতীয় স্থান নিশ্চিত করতে লড়বে ইউরোপের দুই দল।
ইংল্যান্ডের প্রধান কোচ টমাস টুখেলের জন্যও ম্যাচটি গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে তাঁর রক্ষণাত্মক কৌশল সমালোচনার মুখে পড়লেও তিনি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গুরুত্ব কমিয়ে দেখছেন না।
টুখেল বলেন, ‘আগামীকালের এই ম্যাচে কেউই খেলতে চায় না। শেষ চারে থাকা সব দলই নিউইয়র্কে ফাইনাল খেলতে চেয়েছিল। কিন্তু এটি বিশ্বকাপের একটি আনুষ্ঠানিক ম্যাচ। ইংল্যান্ডের জন্য গত ৬০ বছরের মধ্যে সেরা ফল অর্জনের সুযোগ এটি। মানসিকতা এমন কিছু নয়, যেটা ইচ্ছামতো চালু বা বন্ধ করা যায়। পুরো টুর্নামেন্টজুড়ে আমরা যে মানসিকতা দেখিয়েছি, সেটাই আবার প্রমাণ করার সুযোগ এটি।’
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ব্যক্তিগত অর্জনের দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের জন্য। গোল্ডেন বুটের দৌড়ে তিনি এখন পর্যন্ত আট গোল করে আর্জেন্টিনার লিওনেল মেসির সমান অবস্থানে রয়েছেন। তবে চারটি অ্যাসিস্ট থাকায় টাইব্রেকারে এগিয়ে আছেন মেসি, যেখানে এমবাপ্পের অ্যাসিস্ট তিনটি। ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামও ছয়টি করে গোল নিয়ে এখনও গোল্ডেন বুটের লড়াইয়ে আছেন।
এমএম/