দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন মিনিটের ঝড়ে বদলে গেল ম্যাচের চিত্র। দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরু থেকেই চাপে পড়ে আর্জেন্টিনা। ১৫ মিনিটে মারওয়ান আতিয়ার কর্নার থেকে ইয়াসির ইব্রাহিমের হেডে এগিয়ে যায় মিশর।
২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হন লিওনেল মেসি। তাগলিয়াফিকোকে ফাউলের পর পাওয়া পেনাল্টি মোস্তফা শোবেইর দারুণভাবে ঠেকিয়ে দেন। বিশ্বকাপে নেওয়া আট পেনাল্টির মধ্যে এটি ছিল মেসির চতুর্থ মিস।
প্রথমার্ধে আরও কয়েকবার আর্জেন্টিনা গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত গোলকিপিংয়ে দলকে রক্ষা করেন মোস্তফা।
দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণে ছিল আর্জেন্টিনা। তবে ৬৭ মিনিটে পাল্টা আক্রমণ থেকে ব্যবধান ২-০ করেন জিকো।
দুই গোলে পিছিয়ে পড়ার পরই শুরু হয় আর্জেন্টিনার দুর্দান্ত প্রত্যাবর্তন। ৭৯ মিনিটে মেসির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান ক্রিস্টিয়ান রোমেরো।
এর পাঁচ মিনিট পর ৮৪ মিনিটে গোল করে সমতা ফেরান মেসি। গোলরক্ষকের হাতে লেগে ক্রসবার ছুঁয়ে জালে জড়ানো এই গোলটি ছিল চলতি বিশ্বকাপে তার অষ্টম। একই সঙ্গে টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েন তিনি।
নির্ধারিত সময়ের যোগ করা সময়ে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ৯২ মিনিটে লাউতারো মার্টিনেজের অ্যাসিস্ট থেকে এনজো ফার্নান্দেজ হেডে বল জালে পাঠিয়ে ৩-২ গোলের নাটকীয় জয় এনে দেন তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করল আর্জেন্টিনা।
এমএস/