দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতার বিশ্বকাপের পর থেকেই আর্জেন্টিনাকে আন্তর্জাতিক ফুটবলে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগ বিভিন্ন সময় উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই দলটিকে 'কমিটির দল' বলেও মন্তব্য করছেন। সম্প্রতি এমন এক প্রশ্নের মুখোমুখি হয়ে বিরক্তি প্রকাশ করেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি।
কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা বিশ্বকাপে বিশেষ সুবিধা পাচ্ছে কি না—এমন প্রশ্ন করা হলে স্কালোনি বলেন, "এর একমাত্র সমাধান হলো সামাজিক যোগাযোগমাধ্যম না পড়া। সোশ্যাল মিডিয়া দেখা বন্ধ করে দিন। আপনি যদি না দেখেন, তাহলে এসব বিষয় জানতেও পারবেন না।"
তিনি বলেন, বর্তমানে যে কেউ কোনো প্রমাণ ছাড়াই ইন্টারনেটে যেকোনো কিছু প্রকাশ করতে পারে এবং ছোট একটি বিষয়কে বড় করে ছড়িয়ে দিতে পারে। এসব ভিত্তিহীন আলোচনাকে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান আর্জেন্টাইন কোচ।
স্কালোনি জোর দিয়ে বলেন, আর্জেন্টিনার সাফল্য কোনো বিশেষ সুবিধার কারণে নয়; বরং পুরো দলের কঠোর পরিশ্রমের ফল। তার ভাষায়, "লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান মারিও দে স্তেফানো—সবার অবদানেই এই সাফল্য এসেছে।"
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক দিক তুলে ধরে তিনি আরও বলেন, "সোশ্যাল মিডিয়ার যেমন ভালো দিক আছে, তেমনি দুর্ভাগ্যজনকভাবে যে কেউ যা খুশি পোস্ট করতে পারে এবং তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। এক সেকেন্ডেই তা সর্বত্র ছড়িয়ে পড়ে। তবে আমরা এসব কথায় মোটেও কান দিচ্ছি না।"
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে চলমান বিতর্কের মধ্যেই স্কালোনির এই মন্তব্য ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এমএম/