দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাজিল জাতীয় ফুটবল দলের জার্সিতে আর দেখা যাবে না তারকা ফরোয়ার্ড নেইমার ডি সিলভা জুনিয়রকে। দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তিনি। কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের বিপক্ষে সান্তোসের জয়ের পর সাংবাদিকদের কাছে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন নেইমার।
ভিলা বেলমিরো স্টেডিয়ামের মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, ‘জাতীয় দলের সঙ্গে আমার সময় শেষ। আমি ইতিহাস গড়েছি, অসাধারণ সময় কাটিয়েছি। দেশের জন্য নিজের রক্ত, জীবন—সবকিছু উজাড় করে দিয়েছি। সবসময় লড়েছি। কিন্তু এখন আর চাই না।’
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলো থেকে বিদায় নেয়। নরওয়ের কাছে ২-১ গোলে হারের সেই ম্যাচটিই হয়ে থাকল নেইমারের ব্রাজিল ক্যারিয়ারের শেষ ম্যাচ। ওই খেলায় নরওয়ের হয়ে জোড়া গোল করেন আর্লিং হালান্ড। ব্রাজিলের একমাত্র গোলটি যোগ করা সময়ে পেনাল্টি থেকে করেন নেইমার। ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন তিনি। তখনই জাতীয় দল ছাড়ার ইঙ্গিত দিলেও আনুষ্ঠানিক ঘোষণা দেননি।
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ১৩০টি ম্যাচ খেলেছেন নেইমার। করেছেন ৮০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৮টি গোল। এক দশকের বেশি সময় ধরে ড্রিবলিং, সৃজনশীলতা, গতি ও গোল করার দক্ষতায় ব্রাজিলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে নেইমারের সবচেয়ে বড় সাফল্য ২০১৩ সালের ফিফা কনফেডারেশন্স কাপ জয়। এছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব-২৩ দলকে নেতৃত্ব দিয়ে ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক এনে দেন তিনি।
২০২৬ বিশ্বকাপ ছিল নেইমারের চতুর্থ বিশ্বকাপ। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও খেলেছেন তিনি। তবে চারটি বিশ্বকাপ খেলেও ব্রাজিলকে কাঙ্ক্ষিত ষষ্ঠ শিরোপা এনে দিতে পারেননি। বিশ্বকাপে ব্রাজিলের হয়ে তার গোলসংখ্যা ৯, যা দেশটির বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।
বিশ্বকাপে মোট ১৪টি ম্যাচ খেলে তিনি কিংবদন্তি পেলে, গোলরক্ষক জিলমার ও লেয়াওয়ের পাশে নিজের নাম লিখিয়েছেন।
নরওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে গোল করার পর প্রতিপক্ষ গোলরক্ষক অরইয়ান নিল্যান্ডের সঙ্গে বাকবিতণ্ডাও আলোচনায় আসে। তবে শেষ পর্যন্ত পরাজয়ের হতাশা ঢাকতে পারেননি নেইমার। মাঠেই চোখের জল ফেলেন তিনি।
নেইমারের বিদায়ের মধ্য দিয়ে ব্রাজিল ফুটবলের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হলো। প্রায় দেড় দশক ধরে জাতীয় দলের অন্যতম প্রধান তারকা হিসেবে দায়িত্ব পালন করলেও বিশ্বকাপ জয়ের স্বপ্ন অপূর্ণ রেখেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন তিনি।
এমএম/