দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে লাল-সবুজ পর্তুগিজ জার্সিতেই দেখতে অভ্যস্ত ফুটবলপ্রেমীরা। তবে ইতিহাস ভিন্ন পথে এগোলে তিনি খেলতে পারতেন আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের নীল জার্সিতেও।
রোনালদোর পারিবারিক ইতিহাসে রয়েছে কেপ ভার্দের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ যোগসূত্র। তার বাবার দিকের প্রপিতামহী (দাদির মা) ইসাবেল রোসা দা পিয়েদাদের জন্ম হয়েছিল কেপ ভার্দের সাও ভিনসেন্তে দ্বীপে। জীবনের প্রথম ১৬ বছর সেখানে কাটিয়ে পরে তিনি পর্তুগালের মাদেইরা দ্বীপে চলে যান। সেখানেই পরবর্তী সময়ে গড়ে ওঠে রোনালদোর পারিবারিক ভিত্তি।
আটলান্টিক মহাসাগরের ১০টি দ্বীপ নিয়ে গঠিত কেপ ভার্দের বর্তমান জনসংখ্যা প্রায় ৫ লাখ ২৫ হাজার। বংশসূত্রে দেশটির সঙ্গে সম্পর্ক থাকায় আন্তর্জাতিক ফুটবলের যোগ্যতার নিয়ম অনুযায়ী রোনালদোর কেপ ভার্দের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগও ছিল।
এদিকে, কেপ ভার্দের আন্তর্জাতিক ফুটবলে সাম্প্রতিক সাফল্য নতুন করে আলোচনায় এনেছে এই পারিবারিক সম্পর্ককে। দেশটির ফুটবল উত্থানের প্রেক্ষাপটে অনেক সমর্থকই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন তুলছেন—রোনালদো যদি কেপ ভার্দের জার্সি বেছে নিতেন, তাহলে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাস কি ভিন্ন রূপ নিত?
যদিও বাস্তবে রোনালদো পর্তুগালের জার্সিতেই গড়েছেন বর্ণাঢ্য ক্যারিয়ার। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা হিসেবে একের পর এক রেকর্ড গড়ার পাশাপাশি দেশকে এনে দিয়েছেন বড় শিরোপার স্বাদ। ফলে পর্তুগালের ফুটবল ইতিহাসে তার অবদান অনন্য।
তবুও কেপ ভার্দের সঙ্গে রোনালদোর পারিবারিক শিকড় ফুটবলপ্রেমীদের সামনে এক আকর্ষণীয় ‘কী হতো যদি’ প্রশ্ন রেখে যায়। অনেকের কাছেই এটি ফুটবল ইতিহাসের অন্যতম কৌতূহলোদ্দীপক সম্ভাবনার গল্প হয়ে উঠেছে।
জে আই