দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপ শুরুর আগে ভোজিনিয়াকে খুব বেশি মানুষ চিনতেন না। তবে কয়েকটি ম্যাচের মধ্যেই তিনি হয়ে উঠেছেন আলোচনার কেন্দ্রবিন্দু। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ। আর তার নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়ে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে কেপ ভার্দে।
গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট নিশ্চিত করেছে আফ্রিকার ছোট্ট দেশটি। এবার রাউন্ড অব ৩২-এ তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে ভোজিনিয়া বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ একটি ঘটনা হবে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামা যেকোনো ফুটবলারেরই স্বপ্ন।’
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভোজিনিয়া। ওই ম্যাচের পরই তার সংগ্রামের গল্প ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর্থিক সংকটের কারণে শুরুতে তার মা যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা হওয়ায় তিনি মাঠে বসে ছেলের বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পান। মায়ের উপস্থিতিতেই সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে কেপ ভার্দে।
ম্যাচ শেষে আবেগাপ্লুত ভোজিনিয়া বলেন, ‘আমরা কেউই হয়তো এমন কিছু কল্পনা করিনি। কিন্তু আমরা জানতাম, দল হিসেবে আমরা ভালো। বিশ্বকাপে আসার সময় অনেকেই ভেবেছিল, আমরা একটি ম্যাচও জিততে পারব না। কিন্তু আমাদের দলে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো ফুটবলার রয়েছে।’
পশ্চিম আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের জনসংখ্যা মাত্র ৫ লাখ ৩০ হাজার। বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় দেশটি। আর অভিষেক আসরেই শেষ ৩২-এ উঠে নতুন ইতিহাস গড়েছে তারা।
দেশের এই সাফল্যে গর্ব প্রকাশ করে ভোজিনিয়া বলেন, ‘আমরা দেখিয়ে দিয়েছি দেশের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর। আমরা শুধু খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করছি না, বিশ্বের সব কেপ ভার্দিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছি। দেশ হিসেবে আমরা ছোট হতে পারি, কিন্তু আমাদের হৃদয় অনেক বড়। বড় মঞ্চে লড়াই করতে আমরা জানি।’
এমএস/