দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাঠে ফেরার অপেক্ষায় থাকা ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের পরিবারে এসেছে নতুন সুখবর। তিনি ও তার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি জানিয়েছেন, তাদের ঘরে আসছে আরও এক কন্যাসন্তান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে পরিবারের সদস্যদের নিয়ে অনাগত সন্তানের লিঙ্গ জানার বিশেষ আয়োজনের দৃশ্য তুলে ধরেন ব্রুনা। সেখানে নেইমার, ব্রুনা ও তাদের সন্তানদের চোখ বেঁধে গোলাপি রং নিয়ে আনন্দ করতে দেখা যায়। পরে সেই গোলাপি রঙের মাধ্যমেই নিশ্চিত হয়, তাদের ঘরে আসছে আরেকটি মেয়ে।
আয়োজনজুড়ে হাসিখুশি ছিলেন নেইমার। মজার ছলে তিনি বলেন, পরিবারের মেয়ের সংখ্যা এত বেড়ে যাচ্ছে যে তিনি পাগল হয়ে যাবেন। পরে রসিকতা করে জানান, এত মেয়েকে নিয়ে তিনি একটি গানের দল গঠন করতে পারেন। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে একটি ছেলে সন্তান চাওয়ার কথাও হাস্যরসের সঙ্গে বলেন তিনি।
ব্রুনার সঙ্গে এটি নেইমারের তৃতীয় সন্তান হবে। তাদের দুই মেয়ে মাভি ও মেল রয়েছে। মাভির বয়স দুই বছর, আর মেল এখনো এক বছর পূর্ণ করেনি। নতুন সন্তান জন্ম নিলে ব্রুনার সঙ্গে নেইমারের তিন কন্যাসন্তান হবে।
সব মিলিয়ে পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন ব্রাজিলের এই ফুটবল তারকা। ব্রুনার দুই মেয়ের পাশাপাশি সাবেক সঙ্গী ক্যারল দান্তাসের সঙ্গে নেইমারের একটি ছেলে সন্তান, দাভি লুকা রয়েছে। এছাড়া মডেল আমান্দা কিম্বার্লির সঙ্গে তার আরেক কন্যাসন্তান হেলেনাও রয়েছে।
নতুন সন্তানের আগমনের খবর এসেছে এমন সময়ে, যখন চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমারকে। নিজ ক্লাবের হয়ে খেলতে গিয়ে পায়ের পেছনের মাংসপেশিতে চোট পান তিনি। সেই চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনো নিয়মিত অনুশীলনে ফিরতে পারেননি।
দলের চিকিৎসকরা তাকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে কাজ করছেন। ফলে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে তার খেলার সম্ভাবনা কম বলে জানা গেছে। তাকে পরবর্তী গুরুত্বপূর্ণ পর্বগুলোর জন্য প্রস্তুত রাখতে চায় দল।
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে বদলি খেলোয়াড়দের বেঞ্চে থাকলেও মাঠে নামেননি নেইমার। সেই ম্যাচ ১-১ গোলে ড্র করে ব্রাজিল। সামনে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে তাদের আরও দুটি ম্যাচ রয়েছে।
মাঠে ফেরার অপেক্ষা চললেও পরিবারের নতুন অতিথির আগমনের খবরে আনন্দে ভাসছেন নেইমার। ব্রাজিলের এই তারকার ঘরে এবার আসছে আরও এক কন্যাসন্তান।
জে আই