দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলার পর থেকেই জাতীয় দলের বাইরে মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকটা বাধ্যতামূলক বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ এই অল-রাউন্ডারকে। সামনে বিশ্বকাপ, শুরু হতে বাকি নেই তিন মাসও।
গত কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের অনুপস্থিতিতে বেশ কয়েকজনকেই পরীক্ষা করা হলেও কেউই দেখাতে পারেননি আশা জাগানিয়া পারফরম্যান্স। তাই তো এশিয়া কাপ আর বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ দলের সাত নম্বর পজিশন নিয়ে চিন্তিত নির্বাচক-কোচ।
তবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা অনেকটা কমিয়ে দিলেন কোচ-নির্বাচকের চিন্তা। তিনি এই পজিশনে এখনও মাহমুদউল্লাহ রিয়াদকেই গুরুত্ব দিচ্ছেন।
বুধবার সংবাদ মাধ্যমে মাশরাফী বলেন, ‘ওর (মাহমুদউল্লাহর) অভিজ্ঞতা যেটা বলে আন্তর্জাতিক ক্রিকেটে, আইসিসি টুর্নামেন্টের সবসময় জেনে আসছি, রিয়াদ পারফর্ম করে, রিয়াদের পারফরম্যান্স আলাদা করে রিকগনাইজ (উপলব্ধি) করা যায়। উনারা হয়তো (পারফরম্যান্স) বিবেচনায় নেবেন, সবকিছু চিন্তা করে আমি আশা করছি যে বেশ সম্ভাব্য সিদ্ধান্তটা নেবে (টিম ম্যানেজম্যান্ট)।’
মাশরাফী এমনটা বললেও কোচ আর অধিনায়কের সিদ্ধান্তের ওপরই ছেড়ে দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের ভাগ্য।
‘সেটা তো আমি আগেও বললাম টিম ম্যানেজম্যান্ট যারা দেখছে, হাথুরুসিংহে আছে, কোচ, ক্যাপ্টেন, নির্বাচকরা আছে, উনারা সিদ্ধান্ত নেবেন। একই সময়ে এটাও বলছি সিদ্ধান্ত নিলে যে সাফল্য আসবে তাতো না, তাকে (মাহমুদউল্লাহ) যেয়ে ওখানে ভালো খেলতে হবে।’
বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিয়ান মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরি করার নজীর তার রেকর্ডে। সেঞ্চুরি আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এছাড়াও দলের বিপর্যয়ে অনেক ইনিংস খেলেছেন যা ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে দলকে।
মাশরাফী অতীত টেনে বলেন, ‘রিয়াদ পারফর্ম করে, রিয়াদের পারফরম্যান্স আলাদা করে উপলব্ধি করা যায়। ও পুরো ক্যারিয়ারে যা করেছে সেটা আলাদাভাবে বর্ণনা করার কিছু নাই, আমরা সবাই জানি। সে ফাইটার, সে দেশের জন্য অনেক কিছু করেছে। আমার তো আর আলাদা করে কিছু বলার নেই।’
এমআর/