দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ের পথে অনেক নাটক তৈরি করলেও শেষ পর্যন্ত দুই উইকেটের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে শেষ ওভারে ১০ রান দরকার ছিল, হাতে ছিল মাত্র দুই উইকেট। এক বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল চট্টগ্রাম।
১২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চট্টগ্রামের শুরুটা ভালো হয়নি। ওপেনিং জুটিতে ২৪ রান উঠলেও ১৫ বলে ১৭ রান করা অ্যাডাম রসিংটনকে ফিরিয়ে দেন এস এম মেহরব। এরপর দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। মাহমুদুল হাসান জয় ৩ বলে ৪ রান করে কট অ্যান্ড বোল্ড হন। পরের ওভারে নাইম শেখ ৭ বলে ৭ রান করে এলবিডব্লিউ হন এবং একই ওভারে সাদমান ইসলামও বোল্ড হয়ে ফেরেন।
মাঝের ওভারে দলের হাল ধরেন হাসান নওয়াজ ও শেখ মেহেদী। দুজন মিলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ২৫ বলে ২৮ রান করা মেহেদীকে আউট করে এই জুটি ভাঙেন সন্দীপ লামিচানে। এরপর হাসান নওয়াজের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন আসিফ আলী। তবে ২৫ বলে ২৭ রান করা আসিফ আলী বিনুরা ফার্নান্দোর বলে ফিরে গেলে আবারও ম্যাচ জটিল হয়ে ওঠে।
শেষদিকে ১৩ বলে ১৩ রান দরকার থাকতেই আমের জামাল ও আবু হায়দার রনি আউট হলে ম্যাচ গড়ায় শেষ বলের সমীকরণে। তবে শুরু থেকে শেষ পর্যন্ত শান্ত মাথায় খেলে ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন হাসান নওয়াজ।
এর আগে ব্যাট করতে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ২০ ওভারে ৯ উইকেটে তোলে ১২৮ রান। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। ২১ রানে ওপেনিং জুটি ভাঙে। মুহাম্মদ ওয়াসিম ১৪ বলে ১৯ রান করে আউট হন। নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান দ্রুত বিদায় নেন।
মাঝের ওভারে বড় কোনো জুটি গড়তে পারেনি রাজশাহী। মুশফিকুর রহিম ১২ বলে ১৫, রায়ান বার্ল ১০ বলে ১১ এবং এস এম মেহরব ১৯ বলে ১৯ রান করে আউট হন। শেষদিকে তানজিম হাসান সাকিব ১৪ বলে অপরাজিত ১৪ রান করলেও দলীয় স্কোর খুব একটা বাড়াতে পারেননি।
চট্টগ্রামের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন আমের জামাল, যিনি ২২ রান দিয়ে তিনটি উইকেট নেন। শরিফুল ইসলাম, শেখ মেহেদী ও হাসান নওয়াজ একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ে সাত ম্যাচে পাঁচটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। অন্যদিকে ছয় ম্যাচে চার জয়ে চার নম্বরে অবস্থান করছে রাজশাহী ওয়ারিয়র্স।
এমএস/