দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় উত্তপ্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের মধ্যে এবার নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে উল্লেখ করেছেন।
এমন মন্তব্যে তীব্র সমালোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আরও একটি পোস্ট দিয়েছেন ওই পরিচালক। শুক্রবার (৯ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে নতুন এই স্ট্যাটাস দেন তিনি।
নাজমুল ইসলাম লিখেছেন, ‘মুস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল যখন ভারতে নিরাপত্তা ঝুঁকিতে, মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি আন্দাজ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচসমূহ ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের বিষয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে বলেছেন। মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এমন এক পরিস্থিতিতে দেশের জনগণের সেন্টিমেন্টের বাইরে গিয়ে ভারতীয়দের হয়ে ব্যাট করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে ১৫ হাজার রান করা এক লেজেন্ডারি ক্রিকেটার। এটি আমার ব্যক্তিগত অভিমত। প্লিজ, এই মন্তব্যকে অন্যভাবে নেবেন না।’
এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মিরপুর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উম্মোচন অনুষ্ঠানে তামিম ইকবাল বলেন, ‘আমাদের অর্থের প্রায় ৯০-৯৯ শতাংশ আইসিসি থেকে আসে। তাই সবকিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’
এরপর নাজমুল ইসলাম একটি ফটোকার্ড শেয়ার করে তামিমকে ‘ভারতীয় দালাল’ হিসেবে উল্লেখ করেন। তিনি লিখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’
যদিও বিতর্ক শুরু হওয়ার পর নাজমুল ইসলাম ফেসবুক থেকে স্ট্যাটাসটি মুছে দেন, কিন্তু স্ট্যাটাসের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ায় নিরাপত্তা ইস্যু দেখিয়ে বিসিবি ভারত থেকে বিশ্বকাপ খেলতে যেতে অনীহা প্রকাশ করেছে। বিষয়টি আইসিসিকেও অবহিত করা হয়েছে। এই নিয়ে দেশের ক্রিকেট সমর্থক এবং বিশেষজ্ঞদের মধ্যে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। তামিম ইকবালের আহ্বান, বোর্ডকে আবেগে না ভেসে নিজেদের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তা সবাইকে জানানো উচিত।
এবি/