দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আইসিসির ২০২৪ সালের দুর্নীতিবিরোধী বিধিমালা ভঙ্গের অভিযোগে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফিক্সিংকাণ্ডে তিন ব্যক্তিকে অভিযুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের (বিসিবিআইইউ) তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, ১২তম বিপিএল নিয়ে পরিচালিত তদন্তের ভিত্তিতে মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম, জাকির হোসেন ও রাকিবুল ইসলাম সানিকে অভিযুক্ত করা হয়েছে।
মুহাম্মদ মুখলেসুর রহমান শামীম বিসিবির সাবেক পরিচালক (২০২৫–২০২৬) ও বিসিবি অডিট কমিটির সাবেক চেয়ারম্যান। তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালার ২.১.১, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে ২.১.১ ধারায় বিপিএলের কোনো ম্যাচ বা ম্যাচের ফল, অগ্রগতি, পরিচালনা কিংবা অন্য কোনো দিক প্রভাবিত করতে ম্যাচ ফিক্সিং করা, এর পরিকল্পনা করা, অনৈতিকভাবে প্রভাব বিস্তার করা বা এ ধরনের প্রচেষ্টায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ২.১.৪ ধারায় কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে প্ররোচিত, উৎসাহিত বা সহায়তা করার অভিযোগ আনা হয়েছে।
এ ছাড়া ২.৪.৪ ধারায় দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর প্রস্তাব বা আমন্ত্রণের পূর্ণাঙ্গ বিবরণ যথাসময়ে দুর্নীতিবিরোধী কর্মকর্তাকে জানাতে ব্যর্থ হওয়া এবং ২.৪.৭ ধারায় তদন্তসংশ্লিষ্ট যোগাযোগ বা তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
জাকির হোসেন বিসিবির সাবেক নিরাপত্তা সংযোগ কর্মকর্তা। তার বিরুদ্ধে ২.১.১, ২.১.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ম্যাচ বা ম্যাচের ফল প্রভাবিত করতে ফিক্সিং কিংবা এর পরিকল্পনা এবং কোনো অংশগ্রহণকারীকে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে প্ররোচিত বা সহায়তা করার পাশাপাশি দুর্নীতিবিরোধী তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
রাকিবুল ইসলাম সানি বগুড়া জেলার বিসিবির সাবেক কাউন্সিলর এবং বিসিবি অডিট কমিটির সাবেক সদস্যসচিব। তার বিরুদ্ধে ২.৪.৪ ও ২.৪.৬ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। দুর্নীতিমূলক কর্মকাণ্ডে জড়ানোর প্রস্তাব বা আমন্ত্রণের তথ্য যথাসময়ে জানাতে ব্যর্থ হওয়া এবং তদন্তে সহযোগিতা না করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
অভিযুক্ত তিনজনকেই সাময়িকভাবে নিষিদ্ধ করেছে বিসিবি। চলমান শৃঙ্খলাজনিত প্রক্রিয়ার অংশ হিসেবে অভিযোগের নোটিশ পাওয়ার পর নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দেওয়ার জন্য তাদের ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
এমএম/