দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিডনি টেস্টে ইংল্যান্ডের ৩৮৪ রানের জবাবে অস্ট্রেলিয়া শুরুতে কিছুটা চাপে পড়লেও ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫১৮ রান তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এতে ইংল্যান্ডের বিপক্ষে তাদের লিড দাঁড়িয়েছে ১৩৪ রানে।
স্টিভেন স্মিথ ক্যারিয়ারের ৩৭তম সেঞ্চুরি তুলে নিয়ে ১২৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে বিউ ওয়েবস্টার ৪২ রান নিয়ে ব্যাট করছেন। অস্ট্রেলিয়ার লক্ষ্য এখন লিড দুইশো রানের ওপরে নেওয়া।
তৃতীয় দিনের শুরুতে ২ উইকেটে ১৬৬ রান নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। আগের দিন ৯১ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড তার ইনিংসটি বড় করেন ১৬৩ রানে। চলমান অ্যাশেজ সিরিজে এটি তার তৃতীয় সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি ম্যাথু হেইডেনের পর ঘরের মাঠে অ্যাশেজে সর্বাধিক সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান ওপেনার হন। হেইডেন এই কীর্তি গড়েছিলেন ২০০২-০৩ মৌসুমে।
এই ইনিংসে আরেকটি রেকর্ডও স্পর্শ করেন ট্রাভিস হেড। ১৬৬ বলে ২৪টি চার ও ১টি ছক্কায় ১৬৩ রান করে তিনি স্যার ডন ব্র্যাডম্যানের ৯৬ বছর পুরোনো একটি রেকর্ড ভেঙেছেন। অ্যাশেজ ইতিহাসে দ্রুততম ১৫০ রানের তালিকায় যৌথভাবে চতুর্থ স্থানে উঠে এসেছেন তিনি। হেড ১৫০ রান পূর্ণ করেন ১৫২ বলে, যেখানে ব্র্যাডম্যান ১৯৩০ সালে লর্ডসে এই মাইলফলক ছুঁয়েছিলেন ১৬৬ বলে।
উল্লেখযোগ্যভাবে, অ্যাশেজে দ্রুততম ১৫০ রানের তালিকায় দু’বার জায়গা পাওয়া একমাত্র ব্যাটার ট্রাভিস হেড। এর আগে ২০২১ সালে ব্রিসবেনে তিনি ১৪৩ বলে দেড়শ রান করেছিলেন।
এমএস/