দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। স্থানীয় ইমাম-উলামা পরিষদ ও ধর্মীয় নেতাদের আপত্তির পর আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
কনসার্ট বন্ধের দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এতে তারা দাবি করেন, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ডের শামিল।
এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতি নিয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও আলেমদের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হয়নি। এবারও পুরাতন স্টেডিয়ামে কনসার্ট আয়োজন না করার জন্য জেলা প্রশাসনের কাছে অনুরোধ জানান তারা।
ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, স্মারকলিপির অনুলিপি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে দেওয়া হয়েছে। এরপর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কনসার্টটি স্থগিত করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে ‘অ্যাশেজ’। সেখানে ব্যান্ডটি লিখেছে, ‘প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙ্ক্ষিত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।’
তবে কনসার্টটি নতুন করে কবে আয়োজন করা হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ জানানো হয়নি।
এ বিষয়ে জানতে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।
এমএস/