দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বছরের সেরা ফুটবলার নির্বাচনে একই সিদ্ধান্তে পৌঁছেছে ফিফা ও ফ্রান্স ফুটবল। ব্যালন ডি’অর জয়ের পর এবার ফিফার ‘দ্য বেস্ট ২০২৫’ পুরস্কারও জিতেছেন পিএসজি তারকা উসমান ডেম্বেলে। ভিনিসিয়ুস জুনিয়রের উত্তরসূরি হিসেবে এই পুরস্কার জিতে ইতিহাসের প্রথম ফরাসি ফুটবলার হলেন তিনি।
কাতারের দোহায় ফেয়ারমন্ট হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ডেম্বেলের হাতে বর্ষসেরার ট্রফি তুলে দেওয়া হয়। ব্যালন ডি’অর গালার সময় ম্যাচের ব্যস্ততায় সতীর্থদের পাশে পাননি ডেম্বেলে, তবে এবার পিএসজির সতীর্থদের সঙ্গেই মঞ্চে ওঠেন তিনি।
পুরস্কার গ্রহণের পর ডেম্বেলে বলেন, ‘এই সাফল্যের পেছনে আমার সতীর্থদের অবদান সবচেয়ে বেশি। কঠোর পরিশ্রমের ফল শেষ পর্যন্ত পাওয়া যায়। পরিবার ও পিএসজিকে ধন্যবাদ, আমরা দারুণ একটি মৌসুম কাটিয়েছি।’
কোচ লুইস এনরিকের অধীনে ডেম্বেলের ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে। ‘ফলস নাইনে’ নতুন ভূমিকায় নিজেকে মানিয়ে নিয়ে তিনি পিএসজির আক্রমণভাগের অন্যতম ভরসায় পরিণত হন। গত মৌসুমে ক্লাবটির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরাসি ফরোয়ার্ড। লিগ ওয়ানে ২১ গোল করে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বেও নিয়মিত গোল ও অ্যাসিস্টে অবদান রাখেন ডেম্বেলে। ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে তার দুটি অ্যাসিস্ট ছিল নজরকাড়া।
সব মিলিয়ে ২০২৪–২৫ মৌসুমে ৩৩ গোল ও ১৫ অ্যাসিস্টসহ ৪৮টি গোল অবদানে ক্যারিয়ারের সেরা সময় কাটান ডেম্বেলে। একসময় চোট ও ফর্মহীনতায় হারিয়ে যেতে বসা এই ফুটবলার ফিরে এসে নিজেকে বিশ্বের সেরা হিসেবে প্রতিষ্ঠিত করলেন।
এবারের ফিফা ‘দ্য বেস্ট’ আসরে পিএসজির আধিপত্যও স্পষ্ট। ডেম্বেলের পাশাপাশি বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস এনরিক। ফিফার ঘোষিত বর্ষসেরা একাদশেও জায়গা পেয়েছেন পিএসজির একাধিক ফুটবলার।
এমএস/