দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অপেক্ষার পালা শেষ করে ইন্টার মায়ামির হয়ে অভিষেক হয়ে গেল লিওনেল মেসির। অভিষেক ম্যাচেই তার গোলে জিতল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাবটি। লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে মেসিদের জয় ২-১ গোলে। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা মায়ামি সমর্থকদের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে জয় নিশ্চিত করেন মেসি।
যেন ঠিক এমনটাই হবার কথা ছিল। মেসি মাঠে নামবেন, আর গোল করে দলকে জেতাবেন। বিগত দেড় যুগের বেশি সময় ধরে এমনটাই করে আসছেন তিনি। আজও তার ব্যতিক্রম হলো না। নাটকীয় এক জয় দিয়ে যুক্তরাষ্ট্র অধ্যায় শুরু করলেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।
বাংলাদেশ সময় শনিবার ভোরে ডিআরবি পিএনকি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি মায়ামি জিতেছে ২-১ গোলে। রবার্ট টেলর মায়ামিকে এগিয়ে নিয়েছিলেন প্রথমার্ধে। তবে দ্বিতীয়ার্ধের ৬৫তম মিনিটে উরিয়েল আনতুনা সমতা এনে দেন আজুলকে।
একটা সময় মনে হচ্ছিল ১-১ সমতায় শেষ হবে খেলা। কিন্তু একেবারে অন্তিম মুহূর্তে জাদুকরী রূপে হাজির হন মেসি। ফ্রি-কিকে গোল করে দলকে উপহার দেন জয়। যা দেখতে মাঠে এসেছিলেন অসংখ্য সমর্থক।
লিওনেল মেসি মাঠে কতটা প্রভাব রাখতে পারেন, এদিন তার খেলায় সেটা আরও একবার প্রমাণ হয়েছে। ৫৪তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে সতীর্থকে গোলের সুযোগ তৈরি করে দেন মেসি। তবে জোসেফ মার্তিনেজ সেটা কাজে লাগাতে পারেননি।
৭১তম মিনিটে বুসকেতসের বাড়ানো বল ধরে বক্সের বাইরে থেকে বাঁপায়ে শট নেন মেসি। তবে সেই শট প্রতিহত হয়। ৮৭তম মিনিটে মেসির পাস ধরে গোল করেন রবার্ট টেলর। তবে মেসি নিজেই অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।
তবে একেবারে শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে মেসি বাঁপায়ের শটে জাল খুঁজে নিলে উৎসবে মাতে মায়ামির সমর্থকরা।
২০২১ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি দিয়েছিলেন মেসি। সেখানে দুই বছর কাটিয়ে এ মৌসুমে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ফুটবলে। অনেকে বলে থাকেন, ইউরোপের ফুটবলের চাপ কাটাতে মেজর লিগ সকারের দলে যোগ দিয়েছেন মেসি।
তবে আর্জেন্টিনা অধিনায়ক যে আসলে নতুন জায়গায় নতুন কিছু জয় করতে এসেছেন, সেটাই যেন প্রথম ম্যাচে প্রমাণ করে দিলেন। মেসির সৌজন্যে গত মে-র পর এই প্রথম কোনো ম্যাচ জিতল মায়ামি।
এদিন মায়ামির জার্সিতে একই সঙ্গে অভিষেক হয় মেসি ও তার সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতসসের। মায়ামি কোচ আগেই আভাস দিয়ে রেখেছিলেন, দুজনই খেলতে পারেন বদলি হিসেবে। হয়েছেও সেটাই।
মেসিকে মাঠে নামানো হয় বেঞ্জামিন ক্রেমাশ্চির জায়গায়। ডেভিড রুইজের জায়গায় নামেন বুসকেতস। মেসি-বুসকেতসের যুগলবন্দীতে মায়ামি গোলের সম্ভাবনাও জাগিয়েছে পরে।