দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বারবার উপেক্ষিত হলেও প্রতিভার কদর করতে ভুল করেনি অস্ট্রেলিয়া। দেশটির ফুটবল ফেডারেশন জাপানে অনুষ্ঠিতব্য এসবিএস কাপকে সামনে রেখে ঘোষিত অনূর্ধ্ব-২০ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার আরহাম ইসলাম।
১৭ বছর বয়সী আরহাম অস্ট্রেলিয়ার ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলেন। তবে এর আগেই তিনি লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়েছেন। ২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের হয়ে খেলেছিলেন এই ডানপ্রান্তের উইঙ্গার। ভালো পারফরম্যান্স করলেও এরপর আর তাকে বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প বা টুর্নামেন্ট—কোনো জায়গাতেই রাখা হয়নি তাকে। এ ঘটনায় দেশে ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভও দেখা যায়। অনেকের মতে, দেশের ফুটবলে প্রতিভা চেনার ঘাটতির আরেকটি উদাহরণ এটি।
অন্যদিকে, অস্ট্রেলিয়া তার প্রতিভায় আস্থা রেখে ডেকে নিয়েছে অনূর্ধ্ব-২০ দলে। আগামী ডিসেম্বর জাপানে অনুষ্ঠিত এসবিএস কাপে অংশ নেবে অস্ট্রেলিয়ান দল। টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচ ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে। ২০ ডিসেম্বর শিজুওকা প্রিফেকচারের দলের মুখোমুখি হবে দলটি। আর ২১ ডিসেম্বর খেলবে জাপানের বিপক্ষে।
এসবিএস কাপে অস্ট্রেলিয়া দলের দায়িত্বে থাকবেন রিচার্ড গার্সিয়া। নিয়মিত হেড কোচ ট্রেভর মরগান ফুটবল অস্ট্রেলিয়ার অন্তর্বর্তীকালীন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করায় এই টুর্নামেন্টে থাকতে পারছেন না। মরগান ও গার্সিয়ার বাছাই করা ১৩ জন নতুন মুখের স্কোয়াডে জায়গা পেয়েছেন আরহাম ইসলামও। দলের বড় অংশই অস্ট্রেলিয়া ও জাপানভিত্তিক খেলোয়াড়।
বাংলাদেশে সুযোগ না পেলেও আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণের নতুন দরজা খুলেছে আরহামের সামনে। এবার দেখার বিষয়, অস্ট্রেলিয়ার জার্সিতে তার পারফরম্যান্স ভবিষ্যতে তাকে কোথায় নিয়ে যায়।
জে আই/ আরএ